
সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হয়ে জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন নুসরাত তাবাসসুম জ্যোতি। বুধবার (৬ মে) জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংসদ সচিবালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভুঁইয়া। সংবিধানের নির্ধারিত বিধান অনুযায়ী শপথ গ্রহণের পর নবনির্বাচিত এই সংসদ সদস্য আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
শপথ শেষে প্রচলিত নিয়ম অনুযায়ী তিনি শপথ বইয়ে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে তার মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছিল। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার কারণে নির্বাচন কমিশন প্রথমে তার মনোনয়ন গ্রহণ করেনি। পরে তিনি আদালতের শরণাপন্ন হলে আদালত মনোনয়ন গ্রহণের নির্দেশ দেন।
পরবর্তীতে নির্বাচন কমিশন মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করে এবং গেজেট প্রকাশ করে। এর মাধ্যমে সংরক্ষিত নারী আসনে তার সংসদ সদস্য হওয়ার পথ সুগম হয়।