
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল স্টেডিয়ামের পরিষ্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন। বিশেষ করে নারী পরিচ্ছন্নতাকর্মীদের ন্যায্য পারিশ্রমিক না দেওয়ার বিষয়টি নিয়ে তিনি সরাসরি অসন্তোষ জানান।
সম্প্রতি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ–নিউজিল্যান্ড সিরিজ চলাকালে গ্যালারি ও ওয়াশরুম পরিদর্শন করেন তামিম। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি দাবি করেন, পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত কর্মীদের জন্য প্রতি জনে ৬৫০ টাকা বরাদ্দ থাকলেও বাস্তবে তারা পাচ্ছেন মাত্র ৩০০ টাকা।
তামিম বলেন, “আমি বিসিবিতে গিয়ে জানতে পারলাম যে প্রতি জনের জন্য ৬৫০ টাকা দেওয়া হয়। কিন্তু তারা পাচ্ছে ৩০০ টাকা। এই ধরনের অনিয়ম সত্যিই হতাশাজনক। যারা দিনে ৩০০–৪০০ টাকা আয় করেন, তাদের টাকা থেকেও যদি কেউ অংশ নেয়, সেটা খুবই দুঃখজনক।”
তিনি আরও জানান, স্টেডিয়ামের ওয়াশরুম ব্যবস্থার অবস্থা দীর্ঘদিন ধরেই সন্তোষজনক নয়। ২০০৭ সালে স্টেডিয়াম চালুর পর থেকে বড় ধরনের সংস্কার না হওয়ায় পরিস্থিতি খারাপ হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
এক বিদেশি দর্শনার্থীর অভিযোগের কথাও তুলে ধরেন তামিম। তিনি জানান, ফিনল্যান্ড থেকে আসা এক নারী দর্শক ওয়াশরুমের অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতি কঠোর অবস্থান নিয়েছেন তামিম। তিনি বলেন, “আমি তাদের বিল জমা দিতে বলেছি এবং ৩০ জন নারী কর্মীকে আমার সামনে ডেকে প্রত্যেককে ৫০০ টাকা করে দিতে বলেছি। কোম্পানি চাইলে লাভ রাখতে পারে, কিন্তু শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক দিতে হবে।”
তিনি আরও সতর্ক করে বলেন, ভবিষ্যতে অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্ট করা হবে এবং বিসিবিতে কাজ করার সুযোগ বাতিল করা হতে পারে।
তামিমের এই মন্তব্যের পর ক্রিকেট অঙ্গনে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।