সংগীত পরিবেশনার জন্য মালয়েশিয়া যাচ্ছেন কণ্ঠশিল্পী ফাতেমা তুয যোহরা ঐশী। আগামী ২৮ জুন রাতে কুয়ালালামপুরের এইচজিএইচএস কনভেনশন সেন্টারে ‘ঐশী লাইভ ইন কুয়ালালামপুর’ শিরোনামে তার এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
শিল্পী নিজেই বিষয়টি নিশ্চিত করে জানান, এবারের সফরে তিনি তার ব্যান্ড ‘ঐশী এক্সপ্রেস’ নিয়ে যাচ্ছেন। মোট আট সদস্যের এই দলে থাকছেন পাঁচজন সংগীতশিল্পী, একজন সাউন্ড ইঞ্জিনিয়ার এবং একজন ম্যানেজার।
প্রথমবার কুয়ালালামপুরে পারফর্ম করতে যাওয়ায় তিনি বেশ উচ্ছ্বসিত বলে জানান। ঐশীর প্রত্যাশা, সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের তিনি গান দিয়ে আনন্দ দিতে পারবেন।
তিনি আরও বলেন, দেশের বাইরে পারফর্ম করতে গেলে প্রবাসীদের মধ্যে দেশের প্রতি গভীর ভালোবাসা ও টান স্পষ্টভাবে অনুভব করা যায়, যা তাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে।
