বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে পুনরায় কঠোর নিয়ন্ত্রণ জোরদারের ঘোষণা দিয়েছে ইরান। শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে জানানো হয়, এখন থেকে এই প্রণালী সম্পূর্ণভাবে ইরানের সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হবে।
ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলো থেকে পণ্যবাহী জাহাজ চলাচলের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার না করে এবং স্বাভাবিক নৌ-চলাচল নিশ্চিত না করে, তাহলে এই কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখা হবে।
গত কয়েক দিন ধরে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছিল। এর মধ্যে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী প্রণালীটি উন্মুক্ত থাকার কথা বললেও, নতুন এই ঘোষণায় পরিস্থিতি নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক জ্বালানি তেলের একটি বড় অংশ এই পথ দিয়ে পরিবাহিত হওয়ায় ইরানের এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

