ইরান ঘোষণা করেছে যে গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালি সাময়িকভাবে সম্পূর্ণ খুলে দেওয়া হয়েছে, ফলে এখন থেকে ওই পথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিকভাবে চলতে পারবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বিবৃতিতে জানান, চলমান যুদ্ধবিরতির অবশিষ্ট সময় পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তার মতে, এই সিদ্ধান্ত লেবাননের যুদ্ধবিরতির পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থার পূর্ব নির্ধারিত সমন্বিত রুট অনুযায়ী এখন থেকে এই জলপথ ব্যবহৃত হবে এবং বাণিজ্যিক পরিবহন কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরবে।
এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হরমুজ প্রণালিতে নৌ অবরোধের ঘোষণা আসে। ওই ঘটনার পর অঞ্চলটিতে উত্তেজনা বেড়ে যায় এবং কয়েক সপ্তাহ ধরে গুরুত্বপূর্ণ এই তেল পরিবহন রুটে অনিশ্চয়তা দেখা দেয়।
ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান এই কৌশলগত জলপথে চলাচল সীমিত করেছিল, যার ফলে বৈশ্বিক জ্বালানি বাজারেও চাপ তৈরি হয়।
এদিকে সর্বশেষ সিদ্ধান্তে আন্তর্জাতিক জাহাজ চলাচলে কিছুটা স্বস্তি ফিরে এলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, আগামী ২২ এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলে পরিস্থিতি আবারও পরিবর্তন হতে পারে।

