রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করতে আগামী মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদ দেখবে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। দেশটির আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীন চাঁদ দেখা কমিটি এ দিন দেশটির সব মুসলমানের প্রতি পবিত্র রমজান মাসের চাঁদ দেখার জন্য আহ্বান জানিয়েছে।
এক বিবৃতিতে কমিটি জানায়, যারা রমজানের চাঁদ দেখতে পাবেন, তাদেরকে সাক্ষ্য প্রদানের জন্য দাফনা টাওয়ারে অবস্থিত আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের ভবনে কমিটির প্রধান কার্যালয়ে উপস্থিত হতে অনুরোধ করা হচ্ছে।
মঙ্গলবার মাগরিব নামাজ আদায়ের পরপরই চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
রমজান মাসের প্রথম দিন নির্ধারণে একই দিন সন্ধ্যায় চাঁদ দেখার ঘোষণা দিয়েছে সৌদি আরব। ওই দিন সূর্যাস্তের পর সৌদি আরবজুড়ে অনুমোদিত পর্যবেক্ষকদের মাধ্যমে চাঁদ দেখার চেষ্টা করা হবে।
যদি ওই দিন সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যায়, তবে বুধবার ১৮ ফেব্রুয়ারি হবে পবিত্র রমজানের প্রথম দিন। সেক্ষেত্রে ওই দিন ভোর থেকেই রোজা শুরু করবেন মুসলমানরা। আর চাঁদ দেখা না গেলে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হবে।
সূত্র : দ্য পেনিনসুলা
