মাগুরার মহম্মদপুর উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমিরসহ পাঁচজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, তারা অনুমতি ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় প্রচারণা চালান এবং কম্বল বিতরণ করেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী মহম্মদপুর উপজেলা শাখার মহম্মদপুর সদর ইউনিয়নের আমীর হুসাইন আহম্মেদ কাবুল, সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মুকুল হোসেন, ওবায়দুল্লাহ বিন হাফিজার, হাবিবুল্লাহ ও এরশাদ।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও তাদের স্বজনদের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে মাগুরা-২ আসনে জামায়াত ইসলাম মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. মুশতারশেদ বিল্লাহ বাকেরের পক্ষে ভোট প্রার্থনা করছিলেন তারা। এ সময় তাদের পুলিশ হেফাজতে নেয়া হয়।
এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনুর জামান জানান, অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আর অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে আদালতের মাধ্যমে তারা মুক্তি পাবেন।
