ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানা প্রলোভনের অভিযোগ তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার বেগম খালেদা জিয়াকে বহু প্রলোভন দেখালেও তিনি কখনো আপস করেননি। একইভাবে তাঁদেরকেও বিভিন্ন লোভ দেখানো হয়েছিল।
তিনি বলেন, কারাগারে থাকাকালে তাঁর কাছেও লোক পাঠিয়ে মন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তাতে রাজি হননি। কারণ, দেশনেত্রীর কাছ থেকেই তাঁরা আপসহীন রাজনীতির শিক্ষা পেয়েছেন। খালেদা জিয়াই তাঁদের আপসহীন থেকে লড়াই-সংগ্রাম চালিয়ে যাওয়ার পথ দেখিয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সিডিএ বালুর মাঠে বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আমীর খসরু বলেন, ‘বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্র উপহার দিয়ে গেছেন, গণতন্ত্র ধরে রাখতে হবে। সব মানুষের অধিকার, মহিলাদের অধিকার ধরে রাখতে হবে।’
তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া জীবনের বেশির ভাগ সময় জনগণের অধিকার আদায়ের আন্দোলন করেছেন। জীবনের মাত্র ২৫ ভাগ সময় তিনি ক্ষমতায় ছিলেন, বাকি ৭৫ ভাগ সময় তিনি আন্দোলন-সংগ্রাম করে গেছেন। নির্যাতিত হয়েছেন, জেলে গেছেন কিন্তু কোনো আপস করেননি।
স্বৈরাচার এরশাদের সঙ্গে অনেকে হাত মিলিয়ে ছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘শেখ হাসিনা মিলিয়ে ছিলেন, এখন যারা ধর্মের রাজনীতি করছেন তারাও হাত মিলিয়ে ছিলেন। একমাত্র বেগম খালেদা জিয়া হাত মেলাননি, আপস করেননি। ওয়ান-ইলেভনের সময়ও অনেকে আপস করেছেন, কিন্তু বেগম জিয়া করেননি।’
দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কামাল সরদারের সভাপতিত্বে ও সদস্যসচিব মো. মোস্তফার পরিচালনায় আরো বক্তব্য রাখেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, সদস্য অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, মো. সেকান্দর প্রমুখ।
