আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বাংলাদেশ-ভারতের সম্পর্কের মধ্যে। এর প্রেক্ষিতে সরকার বাংলাদেশে আইপিএলের প্রচার ও সম্প্রচার স্থগিত করার নির্দেশ দিয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশে ভারতীয় টেলিভিশন চ্যানেলের সম্প্রচার নিয়ে সরব হয়েছেন বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ, যিনি সোহেল রানা নামেই বেশি পরিচিত।
মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সোহেল রানা লেখেন, আমাদের টেলিভিশন যতক্ষণ ভারতে প্রচার করতে না পারবে, ততক্ষণ ভারতের টেলিভিশনও আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।
একই সময়ে দেওয়া আরেকটি পোস্টে ভারতীয় টেলিভিশন কনটেন্টের সমালোচনা করে তিনি বলেন, ভারতীয় টেলিভিশনের বউ-শাশুড়ি ঝগড়া মার্কা নাটক আমাদের সামাজিক বন্ধনকে ছিন্ন-বিচ্ছিন্ন করে দিচ্ছে।
উল্লেখ্য, আসন্ন আইপিএলের জন্য সম্প্রতি রেকর্ড মূল্য ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ-ভারত সম্পর্কের অবনতির প্রসঙ্গ তুলে ধরে মৌলবাদী হিন্দু গোষ্ঠী কেকেআরের মালিক শাহরুখ খান ও টিম ম্যানেজমেন্টকে মোস্তাফিজকে দলে না নেওয়ার জন্য হুমকি দিতে থাকে বলে অভিযোগ ওঠে।
এর পরিপ্রেক্ষিতে গত ৩ জানুয়ারি বিসিসিআই কেকেআরকে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই দেশে-বিদেশে শুরু হয় তীব্র সমালোচনা।
