মেট্রো রেলের টিকিটে মূল্য সংযোজন কর (ভ্যাট) মওকুফ সুবিধার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। এর ফলে যাত্রীরা আগামী জুন পর্যন্ত কোনো শুল্ক প্রদানের জন্য বাধ্য হবেন না।
এছাড়া, আগামী বছরের হজযাত্রার জন্য বিমান টিকিটে আবগারি শুল্কও পুরোপুরি প্রত্যাহার করা হবে। এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, সরকার এ দুই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে।
তিনি গণমাধ্যমকে বলেন, এখন তো আর এনবিআর অব্যাহতি দিতে পারে না। এটা সরকারের সিদ্ধান্ত। তারাই আদেশ জারি করে দেবে। ইতিমধ্যে আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়েছে।এখন মন্ত্রিপরিষদে আছে।
গত অর্থবছরের শুরুর দিন থেকে মেট্রো রেলের টিকিটে ভ্যাট বসায় এনবিআর। এ ভ্যাট কিভাবে আদায় হবে তা বুঝে উঠতে পারছিল না তদারক সংস্থা ডিএমটিসিএল। পরে এ নিয়ে আন্ত মন্ত্রণালয়ের কারিগরি কমিটি করা হলেও তাতে সমাধান মেলেনি।
পরে চলতি বছরের শুরুতে এক আদেশে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট অব্যাহতির কথা জানায় এনবিআর।
এদিকে চলতি বছর যারা হজ করেছেন, তারাও বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক সুবিধা পেয়েছিলেন। গত বছরের নভেম্বরে আবগারি শুল্ক অব্যাহতির পাশাপাশি যাত্রীর এম্বারকেশন ফি, নিরাপত্তা ফি এবং এয়ারপোর্ট নিরাপত্তা ফি’র ওপর আরোপিত ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতি দেওয়া হয়।
