ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলের র্যাপিড ও এমআরটি পাস রিচার্জ করতে আর স্টেশনে গিয়ে লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না। চালু হয়েছে অনলাইন রিচার্জ ব্যবস্থা, যার মাধ্যমে কার্ডধারীরা এখন যেকোনো সময়, যেকোনো স্থান থেকে তাদের পাসে টাকা যুক্ত করতে পারবেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে আগারগাঁও স্টেশনে এ সেবা উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, “আজ আমাদের জন্য সত্যিই প্রত্যাশার মুহূর্ত। দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণের দিন এটি।”
তিনি আরও বলেন, এই প্রক্রিয়া আমাদের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক সহজ নিরাপদ ও সময় উপযোগী করে তুলবে।
নীলিমা আখতার বলেন, আমাদের মেট্রোরেলে এখন ১৬টি স্টেশন আছে। প্রতিটি স্টেশনে দুটো করে এই মেশিন বসিয়েছি। আপনি বাসায় বসে বা স্টেশনের বাইরে থেকে রিচার্জ করে এসে মেশিনে ট্যাপ করবেন, তখন আপনার রিচার্জ সফল দেখাবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নিখিল কুমার দাস বলেন, আসলে মন্ত্রণালয়ের কাজ হচ্ছে পলিসি সাপোর্ট দেওয়া। ডিএমটিসিএল বাংলাদেশে যোগাযোগ সেক্টরে একটি যুগান্তকারী পরিবর্তন এনেছে। আমরা যারা ব্যবহার করি বা ভবিষ্যতে ব্যবহার করব তাদেরকে যত স্বাচ্ছন্দে স্বচ্ছতার সঙ্গে নির্বিঘ্নে টিকিট কাটা থেকে ভ্রমণ সহযোগিতা দিতে পারব, সেটা আমাদের যারা রাষ্ট্রীয় দায়িত্ব আছে এটা আমাদের কর্তব্য।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. শরাফত উল্লাহ খান, বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, এসএসএল কমার্সের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
