প্রতিবেদন অনুযায়ী, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে। মামলার অন্য দুই আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী হিসেবে দায়িত্বে থাকা সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আদালতের রায়ের পর রাজধানীর শাহবাগে ‘মৌলিক বাংলা’ নামের একটি সংগঠন প্রতীকীভাবে হাসিনার ফাঁসির দৃশ্য মঞ্চায়ন করেছে। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঘটনাস্থলে দেখা গেছে, নারীর মতো একটি কুশপুত্তলিকাকে জল্লাদের সাজে দুজন ধরে ফাঁসির মঞ্চে তুলছেন। পুতুলটির মুখে শেখ হাসিনার ছবি লাগানো। এরপর সেটির মুখে কালো কাপড় পেঁচিয়ে দেওয়া হয়। এ সময় একজনকে ম্যাজিস্ট্রেটের ভূমিকায় রুমাল হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
তিনি রুমাল ছেড়ে দেওয়ার পর জল্লাদের ভূমিকায় থাকা দুজন পুতুলটিকে ফাঁসির দড়িতে ঝুঁলিয়ে দেন।
আয়োজকরা জানান, তারা এই দৃশ্য মঞ্চায়ন করে মূলত সরকারকে অভয় দিচ্ছেন। যাতে সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে অনুরূপ দৃশ্য দেশবাসীকে দেখাতে পারে।
এ সময় সংগঠনটির নেতারা শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবিতে মঙ্গলবার (১৮ নভেম্বর) ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দেওয়ার কথাও জানান।
