গত বছরের জুলাই-আগস্টে অভ্যুত্থানচেষ্টা চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করা হবে।
রায়ে যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে দণ্ডিত করেন, তবে ‘রেড নোটিশ’ জারি করার জন্য ইন্টারপোলের কাছে তার বিরুদ্ধে ‘কনভিকশন ওয়ারেন্ট’ (দণ্ডাদেশের পরোয়ানা) আবেদন করবে প্রসিকিউশন।
রোববার (১৬ নভেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম।
গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে শেখ হাসিনা ভারতে আছেন। এর আগেও তার বিরুদ্ধে ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির আবেদন করেছিল প্রসিকিউশন। তবে, ইন্টারপোল তাতে কোনও সাড়া দেয়নি।
এ বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রসিকিউটর তামিম বলেন, ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে প্রসিকিউশন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছিল।
সোমবারের রায়ে ট্রাইব্যুনাল যদি শেখ হাসিনাকে সাজা দেন, তাহলে তার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলে আরেকটি ‘কনভিকশন ওয়ারেন্টের’ (দণ্ডাদেশের পরোয়ানা) আবেদন করবে প্রসিকিউশন।
