ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সোশ্যাল মিডিয়ায় যেসব ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা অনুসরণ করেন তাকে, তারা অভিনেত্রীর শতবর্ষী নানা শামসুল হক গাজী সম্পর্কেও হয়তো জানেন। নানাই তার শক্তি, সাহস ও পথ চলার অনুপ্রেরণা ছিল। যেকোনো বিপদে নানাই একমাত্র আস্থার জায়গা ছিল পরীমণির।
ক্যারিয়ারে কাজ নিয়ে ব্যস্ততার কারণে কখনো বাসায় ফিরতে সময় লাগলে অপেক্ষায় থাকতেন পরীমণির নানা। কিন্তু সেই মানুষটি দুই বছর আগে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে যান। এরপর বড় একা হয়ে পড়েন অভিনেত্রী।
সম্প্রতি ‘রঙিলা কিতাব’-এ দুর্দান্ত অভিনয়ের জন্য জনপ্রিয় ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড জিতেছেন পরীমণি। অ্যাওয়ার্ড নিয়ে বাসায় ফেরার সময় রুমের দরজা খুলে দেয় তার দুই সন্তান। যা ভীষণ আবেগপ্রবণ করে তাকে। আর এই অনুভূতি সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন এ অভিনেত্রী।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ফেসবুক ভেরিফায়েড পেজে পরীমণি লিখেছেন, ‘এখন আমার ঘরের দরজা খুলে দেয়ার মানুষ তারা। নানাভাই মারা যাওয়ার পর আর কেউ আমার ঘরে ফেরার জন্য অপেক্ষা করেনি এভাবে। গতকাল রাতে যখন আমি অ্যাওয়ার্ড নিয়ে বাসায় ফিরলাম, তখন দরজা খুলেই তারা দু’জন এক ঝাঁপে আমার কোলে উঠে বসল। কী লাগে জীবনে আর!’
এরপরই এ অভিনেত্রী সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানিয়ে লেখেন, ‘শুকরিয়া খোদা। আমি শুধু আল্লাহর কাছে এখন এই দোয়া করি, যেন এই সুখে কারও নজর না লাগে। আহা! কি সুন্দর পরিপূর্ণ জীবন আমার। রুপকথার মতো সুন্দর। আলহামদুলিল্লাহ।’
