চট্টগ্রামের সাতকানিয়ায় ভিক্ষুক সেজে চুরি ও ছিনতাইয়ের অভিযোগে তসলিমা আক্তার (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তার বাড়িতে অভিযান চালিয়ে চার ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে চার লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) আদালতের মাধ্যমে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে তসলিমা আক্তারকে।
এর আগে, সোমবার (২৫ আগস্ট) রাতে সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাঠগড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
পুলিশ জানায়, নিজেকে ভিক্ষুক পরিচয় দিলেও কৌশলে বিভিন্ন এলাকা থেকে টাকা ও মালামাল চুরি করতেন তাসলিমা। ভিক্ষুক সেজে চুরি করাই ছিল তার মূল পেশা।
লোহাগাড়া থানা পুলিশের সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার কক্সবাজারগামী বাসের জন্য লোহাগাড়ায় অপেক্ষা করছিলেন প্রবাসীর স্ত্রী খাদিজাতুল কোবরা। সে সময় কয়েকজন ভিক্ষুক তার কাছে ভিক্ষা চাইতে আসে। হঠাৎ তাদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হলে খাদিজাতুল বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। ঠিক তখনই ভিক্ষুকবেশী তসলিমা কৌশলে তার কাঁধের ব্যাগের চেইন খুলে ২ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। পরে ভুক্তভোগী অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন।
এ বিষয়ে লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) জাহেদ হোসেন জানান, মামলা হওয়ার পর পুলিশ তদন্তে নামে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
