স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন কোনো ষড়যন্ত্রই সফল হবে না।”
শনিবার (২৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) হিমাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি বলেন, “অস্ত্র উদ্ধার একটি চলমান প্রক্রিয়া। প্রতিদিনই অস্ত্র উদ্ধার হচ্ছে। নির্বাচনের আগেই অধিকাংশ অবৈধ অস্ত্র উদ্ধার হয়ে যাবে। শুধু নির্বাচনের সময় নয়, অন্য সময়ও যাতে অস্ত্র দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
আগামী নির্বাচন ঘিরে সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের প্রচার-প্রোপাগান্ডার প্রসঙ্গে তিনি বলেন, “এখন দেশ স্বাধীন। সবাই যার যার মত প্রকাশ করতে পারে। শেষ পর্যন্ত জনগণই সিদ্ধান্ত নেবে। জনগণই আমাদের মূল শক্তি। জনগণ এবং রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হলে তখন আর কোনো কিছুতে বাধা দেওয়া যাবে না।”
সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের সীমান্ত পুরোপুরি নিরাপদ ও সুরক্ষিত। সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণও অত্যন্ত সচেতন।”
