আফ্রিকার কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্র (ডিআরসি) ও উগান্ডায় ইবোলা সংক্রমণ বৃদ্ধি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জরুরি সতর্কতার পর আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য নতুন স্বাস্থ্যবিধি কার্যকর করেছে ভারত।
নতুন নিয়ম অনুযায়ী, বিদেশ থেকে ভারতে প্রবেশকারী প্রত্যেক যাত্রীকে ভ্রমণের আগে অনলাইনে বাধ্যতামূলক স্বাস্থ্য স্বঘোষণাপত্র জমা দিতে হবে। এ উদ্দেশ্যে ‘এয়ার সুবিধা ২.০’ নামে একটি ডিজিটাল স্বাস্থ্য ঘোষণা প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।
স্বঘোষণাপত্রে যাত্রীদের গত ২১ দিনের ভ্রমণ তথ্য, সম্ভাব্য ইবোলা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার ইতিহাস এবং বর্তমান শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য উল্লেখ করতে হবে।
ভারতীয় কর্তৃপক্ষের মতে, নতুন এই ডিজিটাল ব্যবস্থা ঝুঁকিপূর্ণ যাত্রীদের দ্রুত শনাক্ত করতে সহায়তা করবে। একই সঙ্গে বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা, পর্যবেক্ষণ এবং প্রবেশ প্রক্রিয়া আরও কার্যকর ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হবে।
কর্তৃপক্ষের আশা, এই পদক্ষেপের মাধ্যমে ইবোলার সম্ভাব্য সংক্রমণ প্রতিরোধে আগাম সতর্কতা জোরদার হবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় আরও কার্যকর নজরদারি নিশ্চিত করা যাবে।
