মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সীমান্তের কাছে দু’টি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন। শুক্রবার (১ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভের সাম্প্রতিক “উসকানিমূলক ও হুমকিসুলভ” বক্তব্যের জবাব হিসেবেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ট্রাম্প বলেন, “মেদভেদেভের বিবৃতি ছিল মারাত্মক উসকানিমূলক। শব্দের প্রভাব অনেক বড়, এটি আমাদের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে। আমি আশা করি, আমাদের মধ্যে এমন কিছু ঘটবে না।”
তিনি আরও বলেন, “একটা হুমকি এসেছে, এবং সেটা মোটেও ভালো লাগেনি। তাই মার্কিন জনগণের নিরাপত্তার স্বার্থে আমাকে সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিতে হয়েছে।”
তবে সাবমেরিন দু’টি ঠিক কোথায় মোতায়েন করা হয়েছে, তা প্রকাশ করেননি ট্রাম্প। কেবল এটুকু জানিয়েছেন— সাবমেরিনগুলো প্রস্তুত অবস্থায় রয়েছে, নির্দেশ পেলেই আঘাত হানতে সক্ষম।
রুশ পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে রাশিয়ার সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, ট্রাম্পের ঘোষণার পরপরই রুশ শেয়ারবাজারে বড় ধরনের দরপতন দেখা দিয়েছে।
দিমিত্রি মেদভেদেভ, যিনি ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন এবং প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত, বেশ কয়েকবার ট্রাম্পকে ‘আল্টিমেটাম নাটক’ বলে কটাক্ষ করেছেন।
গত মাসে ট্রাম্প রাশিয়াকে ইউক্রেন যুদ্ধ বন্ধে ৫০ দিনের আল্টিমেটাম দেন। পরে সেটি কমিয়ে ১০-১২ দিন করেন। মেদভেদেভ তখন বলেন, “যুক্তরাষ্ট্র যুদ্ধের দিকে এক কদম এগিয়ে যাচ্ছে। রাশিয়ার এ সব নাটক পাত্তা দেওয়ার সময় নেই।”
ট্রাম্পের জবাবে মোতায়েনকৃত এ সাবমেরিন সিদ্ধান্ত আন্তর্জাতিক পরিসরে উত্তেজনার পারদ আরও উঁচুতে নিয়ে গেছে বলে মনে করছে কূটনৈতিক মহল।
