চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সালমান খানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৬’-এর ‘ছোটা ভাইজান’ খ্যাত তাজিকিস্তানি গায়ক ও ইনফ্লুয়েনসার আব্দু রজিক। রোববার সকালে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, খালিজ টাইমস-এর বরাতে খবর পাওয়া গেছে যে, রোববার ভোর পাঁচটার দিকে মন্টেনেগ্রো থেকে দুবাইয়ে পৌঁছানোর পরই আব্দু রজিককে বিমানবন্দরেই আটক করে কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে, তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কী চুরি করেছেন বা কী কারণে তাকে আটক করা হয়েছে—সেটি স্পষ্ট করেনি প্রশাসন।
আব্দু রজিক একজন জনপ্রিয় গায়ক এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার। ‘ওহি দিলি জোর’, ‘চাকি চাকি বোরন’, ‘মোদার’-এর মতো একাধিক হিট গানে তিনি পরিচিতি পেয়েছেন। কিন্তু ২০২২-২৩ সালে সালমান খানের সঞ্চালনায় প্রচারিত ‘বিগ বস ১৬’-এ অংশগ্রহণ করেই তিনি ভারতজুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।
সালমান খানের সঙ্গে তার আন্তরিক সম্পর্ক ও হাস্যরসাত্মক রসায়ন দর্শকদের মন জয় করেছিল। তিনি ‘ছোটা ভাইজান’ নামে একটি গানও বানান সালমানকে ঘিরে, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়।
শৈশবে এক বিরল অসুখে আক্রান্ত হয়ে তার দেহের বৃদ্ধি থেমে যায়। পরিবারের দারিদ্র ঘোচাতে ছোটবেলা থেকেই রাস্তায় গান গেয়ে বেড়াতেন আব্দু। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার পর ভাগ্য বদলায় তার। বর্তমানে তিনি কোটিপতি।
তবে এমন একজন সেলিব্রেটির বিরুদ্ধে চুরির অভিযোগ ওঠায় বিস্মিত হয়েছেন নেটিজেনরা। সামাজিকমাধ্যমে বিষয়টি ঘিরে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।
পলিটিক্স/মি
