দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশনা দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, অপরাধীদের বিরুদ্ধে পুলিশকে কঠোর অবস্থান নিতে হবে। একই সঙ্গে সাধারণ ও নিরীহ মানুষের সঙ্গে আচরণের ক্ষেত্রে ন্যায়বিচার, মানবিকতা এবং পেশাদারিত্ব বজায় রাখতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপরও তিনি গুরুত্ব দেন।
সাইবার অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি অপতথ্য, মিথ্যা খবর ও গুজব ছড়ানো বন্ধে কার্যকর উদ্যোগ নিতে পুলিশ প্রধানকে নির্দেশ দেন রাষ্ট্রপতি। একই সঙ্গে ছিনতাই, চাঁদাবাজি ও মাদক বিস্তার রোধ এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।
এসব বিষয়ে জনগণকে নিয়মিত তথ্য জানানো এবং সচেতনতামূলক প্রচার বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন রাষ্ট্রপতি।
তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক স্বাধীনতা রক্ষায় সরকার কাজ করছে। এ কারণে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, সাধারণ মানুষকে অযথা হয়রানি এবং হয়রানিমূলক বা মিথ্যা মামলা বন্ধে পুলিশকে কার্যকর পদক্ষেপ অব্যাহত রাখতে হবে।
এ সময় আইজিপি পুলিশ বাহিনীর মনোবল শক্তিশালী রাখা, আধুনিকায়ন এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াতে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতাও কামনা করেন তিনি।
রাষ্ট্রপতি পুলিশ বাহিনীকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।
