দেশের স্বনামধন্য মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট মানবাধিকারকর্মী তাহমিনা রহমান। গত বুধবার (১৫ এপ্রিল) সংগঠনের নির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী তিনি এ দায়িত্ব নেন। বিষয়টি আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
তাহমিনা রহমান দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে মানবাধিকার, নারী অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, তথ্যপ্রাপ্তির অধিকার এবং ডিজিটাল অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দেশ-বিদেশে কাজ করে আসছেন।
এর আগে তিনি ২০১৯-২০ সময়ে আসকের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বিভিন্ন সময়ে সংস্থাটির নির্বাহী কমিটির সদস্য হিসেবেও যুক্ত ছিলেন। তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আর্টিকেল নাইটিনের বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, যেখানে নীতিনির্ধারণ ও কার্যক্রম বিস্তারে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। বর্তমানে তিনি বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর ট্রাস্টি বোর্ডের সদস্য।
তার নেতৃত্বে তথ্যপ্রাপ্তির অধিকার শক্তিশালী করা, ডিজিটাল নিরাপত্তা আইন পর্যালোচনা ও সংস্কারের পক্ষে কাজ করা এবং অনলাইনে মতপ্রকাশের নিরাপদ পরিবেশ গড়ে তোলার মতো নানা উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। তিনি আন্তর্জাতিক সহযোগিতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পও পরিচালনা করেছেন।
মানবাধিকার ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ২০১৭ সালে যুক্তরাজ্যের এমবিই সম্মান লাভ করেন। এছাড়া ২০১৬ সালে মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকার জন্য ফ্রাঙ্কো-জার্মান পুরস্কার অর্জন করেন।
শিক্ষাজীবনে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পাবলিক হেলথ থেকে গবেষণা ফেলোশিপ অর্জন করেন। পাশাপাশি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি লাভ করেন।
সংস্থাটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, তাহমিনা রহমানের অভিজ্ঞতা ও নেতৃত্ব আসকের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

